ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে হাভানা। রোববার সন্ধ্যায় (স্থানীয় সময়) কিউবা সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় ভেনেজুয়েলার অনুরোধে কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। ওই যুদ্ধপরিস্থিতিতে অংশ নিয়ে ৩২ জন কিউবান প্রাণ হারিয়েছেন।
নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
ঘটনার পরপরই কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র সমালোচনা করেন। তিনি একে ‘সাহসী ভেনেজুয়েলাবাসী এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। কিউবার প্রেসিডেন্টের এই বক্তব্য দেশটির সরকার ও জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও শোকের প্রতিফলন ঘটিয়েছে।
এই ঘটনার ফলে লাতিন আমেরিকার ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভেনেজুয়েলা ও কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে। কিউবার প্রাণহানির এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও কড়া প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।










