কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, বিমানবন্দরের একটি গেট সংলগ্ন কনভেয়ার বেল্টের কাছে আগুন লাগে। বিমানবন্দরের কর্মীদেরই তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি করা হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, বিমানবন্দরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেইসময় আগুনের ফুলকি ছড়িয়ে কোনোভাবে আগুন লেগে যায়। তবে বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠা-নামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। কিন্তু তাদের কাজ শুরুর আগেই বিমানবন্দরের কর্মীদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন এই সম্মেলনে। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন। তবে এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।










