Home Sydney BD লিভারপুলে UNSW’র নতুন স্টাডি হাব

লিভারপুলে UNSW’র নতুন স্টাডি হাব

226
0

লিভারপুল শহরে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস (UNSW) সেখানে একটি নতুন সাবার্বান ইউনিভার্সিটি স্টাডি হাব স্থাপন করতে যাচ্ছে। লিভারপুল সিটি কাউন্সিলের মেয়র নেড মানন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “লিভারপুল নিঃসন্দেহে সিডনির বিশ্ববিদ্যালয় শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।”

ইতিমধ্যেই UNSW ছাড়াও ইউনিভার্সিটি অফ নটর ডেম, ইউনিভার্সিটি অফ ওলংগং এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি লিভারপুলে তাদের কার্যক্রম শুরু করেছে। মেয়র মাননের মতে, “নতুন এই হাবটি দক্ষিণ-পশ্চিম সিডনিতে UNSW-এর দীর্ঘদিনের উপস্থিতিকে আরও জোরদার করবে। এটি বিশ্ববিদ্যালয়, TAFE এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বকে মজবুত করে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করবে এবং আমাদের অঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও জানান, লিভারপুলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের ফলে এটি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্য উন্নত হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে শিক্ষার্থীরা শহরে আগমন করবে।

স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ

নতুন এই UNSW লিভারপুল সাবার্বান স্টাডি হাবটি হবে একটি আধুনিক শিক্ষা কেন্দ্র, যা বিশেষ করে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সহজ করবে। হাবটি লিভারপুল ইনোভেশন প্রিসিঙ্কটের আওতায় কাজ করবে এবং UNSW, TAFE NSW সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্বকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত শিক্ষা পথ তৈরি করবে।

এই হাবে শিক্ষাক্ষেত্র, প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তা সেবার জন্য বিভিন্ন চাকরির সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতির জন্য হবে বড় একটি সহায়তা।

২০২৫ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার সম্ভাবনা

উল্লেখযোগ্য যে, হাবটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি লিভারপুলকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় শহর হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here