Home বিশ্ব “ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল” — ট্রাম্পের বিশেষ দূতের বিস্ফোরক মন্তব্য

“ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল” — ট্রাম্পের বিশেষ দূতের বিস্ফোরক মন্তব্য

149
0

গাজা যুদ্ধ ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে ইসরায়েল — এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, ইসরায়েল জিম্মি মুক্তির আলোচনাতেও বাধা সৃষ্টি করছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দুঃখজনক।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, উইটকফ এই মন্তব্য করেন গাজায় বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের পরিবারের সঙ্গে এক বৈঠকে। বৈঠকে তিনি সরাসরি ইসরায়েলি সরকারের সমালোচনা করে বলেন, “আমরা চাই বন্দিরা ফিরে আসুক। কিন্তু দুঃখজনকভাবে ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়।”

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানায়, উইটকফ বৈঠকে বলেন, “এই যুদ্ধ থেকে আর কোনো বাস্তব অগ্রগতি আসছে না। তা সত্ত্বেও ইসরায়েল সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, “এখনো একটি সুযোগ রয়েছে—যা আমরা আশা করি ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা কাজে লাগাবে।”

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কিন-ইসরায়েলি নাগরিক সৈনিক আলেকজান্ডার ইদানকে মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এই আলোচনা যুদ্ধবিরতির নতুন পথ খুলে দিতে পারে।

এদিকে উইটকফের মন্তব্য সামনে এলো তার আসন্ন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের প্রাক্কালে। এই সফরে ট্রাম্পের ইসরায়েল যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, নেতানিয়াহু সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে মতবিরোধ বেড়েছে। ট্রাম্প নিজস্ব মধ্যপ্রাচ্যনীতি বাস্তবায়নে যে কৌশল নিচ্ছে, তা ইসরায়েলের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের মতে, বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের অন্তত ২১ জন জীবিত। বিপরীতে, ইসরায়েলি কারাগারে প্রায় ৯,৯০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে, যাদের মধ্যে বহুজন নিপীড়ন, অনাহার এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

বিশ্লেষকদের মতে, স্টিভ উইটকফের এমন মন্তব্য শুধু গাজা যুদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার দিকেই নতুন করে আলোকপাত করেছে। এ মন্তব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলগত সম্পর্কেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here