বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মৃত্যু হয় এই অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
মুকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী ও ‘সন অব সর্দার’ সিনেমার অভিনেতা বিধু দাড়া সিং। তিনি জানান, “মা-বাবার মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে একেবারে আড়ালে নিয়ে গিয়েছিল। সে কারো সঙ্গে দেখা করত না, বাইরে বের হতো না। তার শারীরিক অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল। যারা তাকে ভালোবাসতেন, বিশেষ করে তার ভাই—তাদের প্রতি আমার গভীর সমবেদনা। মুকুল ছিলেন এক অসাধারণ মানুষ। আমরা তাকে গভীরভাবে মনে রাখব।”
১৯৯৬ সালে দস্তক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। এরপর সন অব সর্দার, ইয়ামলা পাগলা দিওয়ানা, আর রাজকুমার ও জয় হো-সহ একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার কাজের পরিসর ছড়িয়ে রয়েছে আঞ্চলিক চলচ্চিত্রেও।
বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য জিৎ অভিনীত টলিউড সিনেমা আওয়ারা, যেখানে তার উপস্থিতি দর্শকের মনে দাগ কেটেছে। পাশাপাশি পাঞ্জাবি ও দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে তাকে।
টেলিভিশন পর্দাতেও তার উপস্থিতি ছিল উজ্জ্বল। জনপ্রিয় ধারাবাহিক ঘরওয়ালি উপরওয়ালি ও কাহানি ঘর ঘর কি-তে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি।
১৯৭০ সালে দিল্লিতে জন্ম নেওয়া মুকুল ছিলেন একাধিক প্রতিভার অধিকারী। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত পাইলটও ছিলেন। তার বাবা হরি দেব ছিলেন দিল্লি পুলিশের সহকারী কমিশনার। মুকুল দেবের ভাই রাহুল দেবও বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেতা।










