বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারাচ্ছেন—এমন গুঞ্জন শুক্রবার (৩০ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়।
তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব গুজব পুরোপুরি অস্বীকার করে বলেন, “রাকিব অসুস্থতার কারণে আজকের কর্মসূচিতে অংশ নিতে পারেননি। কিন্তু তিনি এখনও সভাপতির পদেই বহাল আছেন। পদ হারানোর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।”
এই মন্তব্য তিনি শুক্রবার বিকাল ৩টা ৩৭ মিনিটে জানান।
এছাড়া, ফেসবুকে রাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে নাছির লেখেন—“টানা বৃষ্টিতে দলীয় কর্মসূচি পালনের কারণে রাকিব ভাই সর্দি-জ্বরে ভুগছেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। এ সময় তার অসুস্থতাকে ঘিরে কিছু উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যা।”
১৯৮৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর গ্রামে জন্ম রাকিবুল ইসলাম রাকিবের। বাবা কারি ছাইর উদ্দিন ও মা মোছা. ফিরোজা বেগম। ৬ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি চতুর্থ।
শিক্ষাজীবন শুরু হয় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে এসএসসি এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পাশ করেন।
২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন তিনি।
ছাত্রদলের বর্তমান সভাপতি হওয়ার আগে ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।










