রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য সংস্কার ও বিচারে অগ্রগতি দরকার: ড. ইউনূস
সব প্রস্তুতি শেষ হলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে, ওই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করা জরুরি হবে।
এ কথা যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকটি স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় ২টা) শুরু হয়ে ১০টা ৩০ মিনিটে শেষ হয়।
বৈঠক শেষে, প্রধান উপদেষ্টা ও বিএনপির মিডিয়া সেল ফেসবুকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, “তারেক রহমান প্রস্তাব করেন যে, আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজন করা উচিত। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একই মত পোষণ করেছেন।”
প্রধান উপদেষ্টা জানান, তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছেন। তবে, যদি সব প্রস্তুতি সময়মতো শেষ হয়, তাহলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন সম্ভব। তবে, এর জন্য সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন জরুরি হবে।
বৈঠকে, তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান এবং প্রধান উপদেষ্টাও ফলপ্রসূ আলোচনা জন্য তাকে ধন্যবাদ জানান।










