Home বিশ্ব ইরান দাবি করেছে, আরও ১০ ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত

ইরান দাবি করেছে, আরও ১০ ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত

143
0

ইরান দাবি করেছে, ইসরায়েলের আরও ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল, আর তখনই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এসব বিমানকে ভূপাতিত করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১৪ জুন) এই খবর জানায়। এর আগেই ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর আগে ইরান আরও দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ জানায়, দেশের পশ্চিমাঞ্চলে এফ-৩৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। বিমানটির পাইলট দ্রুত সটকে পড়লেও তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এসব দাবিকে ‘ভুয়া প্রচার’ বলে প্রত্যাখ্যান করেছেন। এর আগে, তেহরানের সংবাদমাধ্যম জানিয়েছিল যে, ইরান তার আকাশ থেকে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং একটি বিমানের নারী পাইলটকেও আটক করেছে। তবে ইসরায়েল সেই দাবি পুরোপুরি নাকচ করে দেয়।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়, যেখানে অন্তত ৮০ জন নিহত এবং ৩২০ জন আহত হন। নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, সেনাপ্রধান এবং পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ কর্মকর্তারা ছিলেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র এভিসাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরান দুই দফায় ১০০টিরও কম ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুঁড়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি দাবি করেন, অপারেশন ট্রু প্রমিস থ্রি-র আওতায় তিনটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এছাড়া, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যভাগে রিশন লে‌জিয়ন শহরের একটি আবাসিক এলাকায় দুজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here