ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে জর্দান তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার রাতে, ইরানের পাল্টা হামলার সময় জর্দানের আকাশ দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা যায়।
রাজধানী আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস হয়ে যায়।
জর্দানের এই পদক্ষেপের ফলে দেশটির সঙ্গে আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে।
ইরান ও ইসরায়েল গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং শনিবার রাতেও তাদের মধ্যে হামলা অব্যাহত রয়েছে।










