ইরান সতর্ক করে বলেছে যে, যদি ইসরায়েল তাদের হামলা অব্যাহত রাখে, তবে তার পাল্টা আঘাত অত্যন্ত ‘তীব্র’ হবে।
শনিবার (১৪ জুন) গভীর রাতে, ইসরায়েলের হাইফা শহরসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরুর পর এই হুঁশিয়ারি দেওয়া হয় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) থেকে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যেসব ইসরায়েলি স্থাপনা ‘ফাইটার জেটের জ্বালানি সরবরাহ’ সংক্রান্ত, সেগুলোতে শনিবার রাতে হামলা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের হামলা চলতে থাকলে, তেহরান এর পাল্টা আঘাত আরও তীব্র করবে।
আইআরজিসি দাবি করেছে, ইরানে ইসরায়েলের একাধিক হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন, এবং কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করা হয়েছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করার আশঙ্কায়, ইসরায়েল গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ৮০ জন নিহত ও ৩২০ জন আহত করে। এতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, সশস্ত্র বাহিনী প্রধান ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন।
ইরান এরপর পাল্টা আঘাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার ফলে তেলআবিবসহ একাধিক শহরে বড় ক্ষয়ক্ষতি হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
বিশ্বনেতারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও, ইসরায়েল ইরানের পরমাণু ও তেল স্থাপনাসহ আরও বেশ কিছু স্থানে হামলা চালায়। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইসরায়েলে অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।










