Home বাংলাদেশ জাতীয় পতাকা পরিবর্তনের গুজব সম্পূর্ণ মিথ্যা: প্রেস উইং

জাতীয় পতাকা পরিবর্তনের গুজব সম্পূর্ণ মিথ্যা: প্রেস উইং

184
0

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রেস উইং ফ্যাক্টের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না এবং এটি একটি মিথ্যা তথ্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হয়েছে।

এই গুজবটি ছড়িয়ে দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্য অনেক ব্যবহারকারী, যেখানে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের পতাকায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্কযুক্ত ইসলামি চাঁদ-তারকা প্রতীক যোগ করা হবে।

প্রেস উইং জানায়, একটি কল্পিত পতাকার ছবি ডিজিটালভাবে তৈরি করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভিউ পেয়েছে এবং বিশেষত পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা।

ফ্যাক্ট চেকিংয়ে জানা যায়, জাতীয়ভাবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং দেশি বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এর কোনো তথ্য প্রকাশিত হয়নি।

বাংলাদেশি ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ জানায়, সজীব ওয়াজেদ জয় একটি ভুয়া প্রতিবেদন প্রচার করেছেন, যার শিরোনাম ছিল “বাংলাদেশ তার পতাকায় পাকিস্তান ও তুরস্কের অনুকরণে ইসলামি চাঁদ যোগ করার কথা ভাবছে”, যা এআই প্রযুক্তি দিয়ে তৈরি এবং এর কোনো তথ্যসূত্র বা যাচাইযোগ্য উৎস নেই।

এছাড়া, ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মটি আরও জানায়, এই গুজবের উৎপত্তি একটি পাকিস্তানপন্থি এক্স অ্যাকাউন্ট থেকে হতে পারে, যেখানে প্রথম একটি কাল্পনিক পতাকার ডিজাইন শেয়ার করা হয়েছিল। এই ছবিটি পরবর্তীতে সজীব ওয়াজেদ জয় শেয়ার করা ভুয়া প্রতিবেদনেও ব্যবহৃত হয়।

প্রেস উইং আরও জানায়, এই মিথ্যাচার পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতীক ব্যবহার করে জাতীয়তাবাদী বা রক্ষণশীল শ্রোতাদের মধ্যে পরিচয়ভিত্তিক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এআই প্রযুক্তি দিয়ে তৈরি পতাকার ছবি প্রমাণ করে, যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রেস উইং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করে নেবেন, এবং জাতীয় পতাকা পরিবর্তনের পক্ষে বাংলাদেশের কোনো আন্দোলন বা দাবি নেই।

প্রেস উইং আরও জানায়, এসব কল্পিত গল্প কেবল বিভেদ সৃষ্টি করতে চায় এবং সঠিক তথ্য শেয়ার করতে হবে, ভিত্তিহীন গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here