বিমান টিকিটের দাম বৃদ্ধির পেছনে কিছু দুষ্টু চক্র সবসময় সক্রিয় থাকে, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, সরকার একসময় বিমানের টিকিটের দাম কমিয়েছিল, তবে পরে আবারও দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার (০২ জুলাই) মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিটের দাম নিয়ে হতাশা প্রকাশ করেন আসিফ নজরুল।
আসিফ নজরুল জানান, তিনি ওমরা করতে গিয়েছিলেন এবং সেখানে একজন ভিডিও ধারণ করে বলেছিলেন, “বিমান টিকিটের এত দাম, আবারও উনি (উপদেষ্টা) এসেছেন ওমরা করতে।” তিনি বলেন, যদিও বিমানের টিকিট তার মন্ত্রণালয়ের আওতায় পড়ে না, তবুও তিনি দেশে ফিরে গিয়ে প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানিয়ে দেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন।
উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন, যে কেউ সর্বোচ্চ তিন দিন বুকিং রেখে টিকিট কিনতে পারবে, এবং বুকিংয়ের সময় পাসপোর্টের কপি প্রয়োজন হবে। এই পদক্ষেপের পর দাম কমে গেলেও, পরে আবার কিছু অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কিছু মানুষ অযথা অপপ্রচার করছে। তিনি জানান, মালয়েশিয়া বছরে ৩০ থেকে ৪০ হাজার লোক নেবে, তবে বিদেশে পাঠানোর নামে মানুষকে ঠকানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া, বিদেশে কিছু প্রবাসীর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাহরাইনে একজন প্রতিষ্ঠানের মালিকের গলা কাটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার মারামারির ফলে দেশের বদনাম ছড়ানোর কথা উল্লেখ করেন।










