Home বাংলাদেশ বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় ঐকমত্য: আলী রীয়াজ

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় ঐকমত্য: আলী রীয়াজ

180
0

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নবম দিনের আলোচনার পর এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আলোচনা সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠার পরিবর্তে প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করবেন।” তিনি জানান, এর মাধ্যমে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য হয়েছে এবং এ বিষয়টি সংবিধানের ১০০ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনবে।

এছাড়া, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, যার মাধ্যমে সংবিধানের ৪৯ নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে দলগুলো।

আলী রীয়াজ আশা প্রকাশ করেন যে, সংবিধানের ৪৯ নম্বর অনুচ্ছেদ সংশোধন বিষয়ক ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়িত হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কমিশন আগামী ৭ জুলাই পুনরায় আলোচনার জন্য দিন ধার্য করেছে।

এ পর্যন্ত সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here