গ্রিসের ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে সেখান থেকে দেড় হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ক্রিটের দক্ষিণ-পূর্ব উপকূলের ইরাপেত্রা এলাকায় দাবানল শুরু হয়, এবং বৃহস্পতিবার সকালে ২৩৫ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিছু কর্মীকে অ্যাথেন্স থেকে আনা হয়। তবে শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়ি ও হোটেলগুলোকেও প্রভাবিত করছে।
এদিকে, স্পেনের কাতালোনিয়ায় দাবানলে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং চলমান তাপপ্রবাহের কারণে ফ্রান্স ও ইতালিতেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
দাবানল ক্রিট দ্বীপে ঝড়ো হাওয়ার কারণে বাড়ি ও হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাপেত্রা শহরের একটি ইনডোর স্টেডিয়ামে অনেক বাসিন্দা ও পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্রিটের উপ-দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জর্জ সাপাকোস জানিয়েছেন, তিনটি বসতি থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষ তাদের বাড়ি ছেড়েছেন। তাদের মধ্যে কিছু লোক শ্বাসকষ্টে ভুগছেন এবং তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
ক্রিটের ভাইস-প্রেফেক্ট ইয়ানিস আন্দ্রুলাকিস জানান, দাবানলের তিনটি সক্রিয় কেন্দ্র রয়েছে এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি আরও জানান, আগুন ঝোপঝাড় এবং কৃষিজমিতে লেগেছে এবং বাতাসের গতি বেউফোর্ট স্কেলে ৯ পর্যন্ত পৌঁছেছে।
টেলিভিশন চ্যানেল মেগাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পানিবাহী বিমান রাতে আগুনের স্থানে পৌঁছাতে পারেনি। গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ড্রোন এবং ১০টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ক্রিট এবং দক্ষিণ গ্রিসে বন আগুনের ঝুঁকি এখনও অনেক বেশি রয়েছে বলে জানানো হয়েছে।










