আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরও ৩৬টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।
এর আগে ৩ নভেম্বর প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরে একটি আসনে তা স্থগিত করা হয়। নতুন ঘোষণার ফলে মোট ২৭২ আসনে দলের প্রার্থী ঠিক করা হলো।
৩৬ জন নতুন প্রার্থীর নাম ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
এখনও যেসব আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়নি, সেসব বিষয়ে তিনি জানান— ওই আসনগুলো মূলত জোটের অংশীদারদের জন্য রাখা হয়েছে, আর এক–দুটি আসনে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।










