ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই আরোহী মো. সুমন (২৫) ও মো. ইমন (২২) মারা যান। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত আরেক আরোহী মো. আশিক মোল্লা (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। রাতেই স্বজনরা নিহতদের মরদেহ নিয়ে কুমারখালী ফিরে যান। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে এবং আইনগত প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।










