Home বাংলাদেশ National আন্তর্জাতিক প্রটোকল মেনে গণঅভ্যুত্থানের শহীদদের মরদেহ তোলা হবে : সিআইডি প্রধান

আন্তর্জাতিক প্রটোকল মেনে গণঅভ্যুত্থানের শহীদদের মরদেহ তোলা হবে : সিআইডি প্রধান

101
0

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানিয়েছেন, আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন করা হবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্তের উদ্দেশ্যে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রমের বিষয়ে অবহিত করা হয়।

মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিচয় নির্ধারণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডার এবং ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল এ কার্যক্রমে যুক্ত রয়েছেন।

সিআইডি কর্মকর্তারা জানান, কবরস্থানে তাদের অপরাধ দৃশ্য ইউনিট প্রয়োজনীয় তাঁবু ও সরঞ্জাম স্থাপন করেছে, যাতে মরদেহ উত্তোলন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এর আগে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসারে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তের লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জনকে অজ্ঞাতনামে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে সঠিক আইনগত প্রক্রিয়ায় মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ জরুরি। আরও বলা হয়, ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হলে মরদেহ সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করাও প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here