আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণের লক্ষ্যে আজ রবিবার (৭ ডিসেম্বর) একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আজকের সভায় তফসিল ঘোষণার সময় নির্ধারণ, ভোটগ্রহণের প্রস্তুতির অগ্রগতি, এবং পোস্টাল ব্যালট পরিবহনের সময়সূচি চূড়ান্ত করা হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, যোগাযোগ এবং মতবিনিময় বিষয়ে আলোচনা হবে, যেন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়।
সভায় আরও আলোচনা হবে তফসিল ঘোষণার আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট আয়োজনের প্রস্তুতি, মাঠপর্যায়ের অবস্থা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনসহ মোট ১০টি বিষয়ে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রবিবারের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচি নির্ধারণ করা হবে এবং এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
ইতোমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক এবং আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে ইসি। প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি জানাবে। এরপর কিছুদিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইন চার্জ (ওসি)-দের মধ্যে বড় ধরনের রদবদল আনা হয়েছে। নির্বাচনী আইন ও বিধিমালায় নতুন কিছু পরিবর্তনও করা হয়েছে, যেগুলো শতভাগ অনুসরণে কমিশন কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে।
কমিশন প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেছে।










