Home বাংলাদেশ National ধর্মের নামে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে : মির্জা ফখরুল

ধর্মের নামে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে : মির্জা ফখরুল

137
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশে ধর্মের নামে সমাজে বিভাজন তৈরি করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ হলেও ধর্মকে ভিত্তি করে সমাজ বা রাষ্ট্রে বিভেদ সৃষ্টি করি না।

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচির এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই মাস দেশের জনগণ, বিশেষ করে তরুণদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন এনেছে। এখন সবাই পরিবর্তন চায়—রাষ্ট্র পরিচালনা, চিন্তা ও সমাজব্যবস্থায়। একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, কারণ পুরনো কাঠামো, শিক্ষা ও বিচার ব্যবস্থা আর কার্যকর হচ্ছে না।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং দেশের নতুন ভিত্তি রচনার চিন্তাই বিএনপির নেতা তারেক রহমানকে অনুপ্রাণিত করেছে।

বিএনপির মহাসচিব জানান, দেশের তরুণেরা আজ হতাশ—কারণ শিক্ষার পরও চাকরি নেই। গত ১৫ বছরে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে। কিন্তু ক্ষমতায় গেলে বিএনপি ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে চাকরি, ব্যবসা, কৃষি ও শ্রমজীবী মানুষের কাজ অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনাটি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, যা বিএনপির অগ্রসর রাজনৈতিক দর্শনের প্রমাণ।

তিনি উল্লেখ করেন, শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় রাজনীতি চালু করে আধুনিক রাজনৈতিক দল গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। তার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আজও দেশের মূল দর্শন।

ফখরুল বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার, মিডিয়ার ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার কাজ জিয়াউর রহমানই শুরু করেছিলেন। দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিও তিনি স্থাপন করেন এবং প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সের পথ তিনিই উন্মুক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, দলের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি নিজে তদারকি করছেন। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, সারা দেশের মানুষ নেত্রীর জন্য দোয়া করছেন এবং আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ নিশ্চয়ই এসব দোয়া কবুল করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here