Home এশিয়া পেসিফিক সিডনিতে বন্দুকধারীর অস্ত্র কেড়ে নেওয়া সাহসী পথচারী আহমেদ, অল্পের জন্য রক্ষা পেল...

সিডনিতে বন্দুকধারীর অস্ত্র কেড়ে নেওয়া সাহসী পথচারী আহমেদ, অল্পের জন্য রক্ষা পেল অনেক প্রাণ

77
0

রোববার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে যখন দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাচ্ছিলেন, তখন সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আহমেদ আল আহমেদ নামের এক সাধারণ পথচারী। একজন বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাঁকে নিরস্ত্র করে দেন তিনি—যার ফলে আরও বহু প্রাণ রক্ষা পায়।

সেভেন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদের চাচাতো ভাই মুস্তফা জানান, ৪৩ বছর বয়সী আহমেদ সিডনির স্থানীয় বাসিন্দা ও দুই সন্তানের জনক। পেশায় তিনি একজন ফল বিক্রেতা এবং আগেই কখনো অস্ত্র ব্যবহার করেননি। ঘটনার সময় আহমেদ বন্দুকধারীর কাছাকাছিই ছিলেন।

গুলিবিদ্ধ হয়ে আহত, চলেছে অস্ত্রোপচার

ঘটনার সময় আহমেদের গায়ে দু’টি গুলি লাগে—একটি বাহুতে, অন্যটি হাতে। বর্তমানে তিনি নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি আছেন এবং অস্ত্রোপচার করা হচ্ছে। মুস্তফা বলেন, “তিনি হাসপাতালে আছেন, আমরা ভেতরের অবস্থা জানি না। তবে আমরা তাঁর জন্য প্রার্থনা করছি। তিনি একজন প্রকৃত নায়ক।”

সাহসিকতার ভিডিও ভাইরাল

সিডনি মর্নিং হেরাল্ড প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, এক বন্দুকধারী বন্ডাই সৈকতের পাশে ক্যাম্পবেল প্যারেড পার্কিং এলাকায় দাঁড়িয়ে জনতার দিকে গুলি ছুড়ছেন। তার গলায় একটি ব্যাগ ঝোলানো। এমন সময় একজন ব্যক্তি—যিনি পরবর্তীতে আহমেদ হিসেবে শনাক্ত হন—সাবধানতার সঙ্গে পার্কিংয়ের গাড়ির আড়াল দিয়ে এগিয়ে এসে বন্দুকধারীকে পেছন থেকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে বন্দুকধারী পড়ে যান এবং তার অস্ত্রটি মাটিতে পড়ে যায়। আহমেদ সঙ্গে সঙ্গে সেই বন্দুক তুলে তা হামলাকারীর দিকেই তাক করেন।

এরপর দ্বিতীয় এক পথচারী এগিয়ে এলে বন্দুকধারী ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করে। আহমেদ বন্দুকটি পাশের একটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রেখে পেছনে সরে যান। আরেক পথচারীকেও তখন বন্দুকধারীর দিকে এগিয়ে যেতে দেখা যায়, যিনি তার দিকে কিছু একটা ছুড়ে মারেন।

অভিযানে সহায়তা ও জাতীয় প্রশংসা

আহমেদের সাহসিকতা ইতিমধ্যেই জাতির নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে সমগ্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হামলা হিসেবে উল্লেখ করে বলেন, “বন্দুকধারীকে ঠেকাতে যাঁরা এগিয়ে গেছেন, তাঁরা সত্যিকারের বীর।”

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিনসও আহমেদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

হামলার প্রেক্ষাপট

সাম্প্রতিক তথ্যানুসারে, এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং ২৯ জন আহত, যাদের মধ্যে একজন শিশু এবং দুইজন পুলিশ সদস্য রয়েছেন। এক বন্দুকধারী ঘটনাস্থলেই মারা যান, অন্যজন গুরুতর আহত অবস্থায় আটক রয়েছেন।

বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ উপলক্ষে সৈকতে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। প্রাথমিক ধারণা, উৎসবকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

হামলাকারীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here