অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হানুক্কাহ উৎসব চলাকালে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। পুলিশ জানিয়েছে, হামলাকারী দুই ব্যক্তি—সাজিদ আকরাম (৫০) ও তাঁর ছেলে নাভিদ আকরাম (২৪)—সম্পর্কে বাবা-ছেলে। তারা সিডনির পশ্চিমাঞ্চলের বনিরিগ এলাকায় বসবাস করতেন।
অস্ট্রেলীয় পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন জানিয়েছেন, সাজিদের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল এবং তাঁর নামে নিবন্ধিত ছয়টি আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে। এর মধ্যে চারটি উদ্ধার করা হয় হামলার স্থান থেকে এবং বাকি দুটি একটি বাসায় অভিযান চালিয়ে।
নাভিদ আকরাম সম্পর্কে জানা গেছে, তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং ২০১৯ সালে অস্ট্রেলীয় নিরাপত্তা সংস্থা এএসআইও’র নজরদারিতে আসেন। তখন তাঁর আইএস সংশ্লিষ্ট কিছু যোগাযোগ নিয়ে তদন্ত হয়েছিল, তবে সহিংসতা বা সন্ত্রাসে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
হামলার বিষয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “এটি নিখাদ ইহুদিবিদ্বেষী সন্ত্রাসবাদ। অস্ট্রেলিয়া ঘৃণার কাছে মাথা নত করবে না।” একইসঙ্গে নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স ঘোষণা দিয়েছেন, আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার বিষয়ে সরকার ভাবছে।
নাভিদের সাবেক নিয়োগকর্তা জানান, তিনি ছয় বছর ধরে নাভিদকে চিনতেন এবং তাঁকে একজন পরিশ্রমী ও শান্ত মানুষ হিসেবে বর্ণনা করেন। সম্প্রতি কবজিতে আঘাত পেয়ে ছুটিতে ছিলেন নাভিদ। তাঁর আচরণে কোনো চরমপন্থার ইঙ্গিত মেলেনি বলে জানান ওই নিয়োগকর্তা।
ঘটনার সময় সাহসিকতা দেখিয়ে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া আহমেদ আল আহমেদ (৪৩) অস্ত্রোপচারের পর সুস্থ হচ্ছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।
এই হামলাকে অস্ট্রেলিয়ায় বিগত তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে—হামলাটি পরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।










