ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল মানুষের উপস্থিতি প্রত্যাশিত হওয়ায় মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়ক অংশে যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিকল্প সড়ক হিসেবে বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, লেক রোড, গণভবন ক্রসিং ও আসাদগেট ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিটের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়ে ডিএমপি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সহযোগিতা কামনা করেছে।










