Home Bangladesh মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

22
0

মুরাদনগরে টাকা বিলির অভিযোগে জামায়াত নেতা আটক, দুই লাখ টাকা জব্দ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামের এক স্থানীয় নেতাকে আটক করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় হাবিবুর রহমান হেলালীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে থানায় হস্তান্তর করে এবং তাঁর কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

হেলালী ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির এবং ছালিয়াকান্দি ইউনিয়নে দলের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি ভোটারদের মাঝে টাকা দিচ্ছিলেন। সন্দেহজনক আচরণ দেখে তাঁকে আটক করে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান ঘটনাস্থলে পৌঁছে দুই লাখ টাকা জব্দ করেন এবং হেলালীকে থানায় নিয়ে যান।

অভিযোগ অস্বীকার করে হেলালী বলেন, তাঁর কাছে এত টাকা ছিল না। নির্বাচনী এজেন্টদের খাবারের খরচ হিসেবে সামান্য কিছু টাকা ছিল। বিএনপির লোকজন তাঁর গাড়িতে জোর করে টাকা রেখে ‘ফাঁসানোর চেষ্টা’ করেছে বলেও তিনি দাবি করেন।

উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস একই অভিযোগ তুলে বলেন, বিষয়টি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁর দাবি, বাজারের একটি ব্যাগে দুই লাখ টাকা ভরে হেলালীর গাড়িতে রাখা হয়েছে।

তবে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, জামায়াত এলাকায় টাকা বিলি করে ভোটের পরিবেশ নষ্ট করছে এবং পরে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। স্থানীয়রা তাঁকে হাতে–নাতে আটক করেছে।

মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আবদুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনলেও টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা না পড়ায় বিষয়টি বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।

কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা ইউসুফ সোহেল রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here