এখন সিদ্ধান্ত আপনাদের—ঢাকা–৯ আসনের ভোটারদের উদ্দেশে তাসনিম জারা
ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা জানিয়েছেন, সংক্ষিপ্ত সময় পাওয়া সত্ত্বেও তিনি ভোটারদের দোরগোড়ায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন কোন প্রার্থীকে নির্বাচিত করবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভোটারদের হাতেই বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারণার একটি ভিডিওসহ তিনি লিখেছেন,
“হাতে ছিল মাত্র ১৯ দিনের সময়। এই অল্প সময়ে সর্বশক্তি দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এখন সিদ্ধান্ত আপনাদের।”
আগামী বৃহস্পতিবার সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারে ২৯৯টি আসনে ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে।
শেরপুরের একটি আসনে বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছে।
ঢাকা–৯ আসনে তাসনিম জারার প্রার্থিতা তরুণ ভোটারদের আলোচনায় এসেছে। প্রচারণার শেষ সময়ে তাঁর বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।









