ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্ধারিত ‘অ্যাকশন প্ল্যান’ দ্রুত বাস্তবায়নের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত রবিবার সচিবালয়ে “বাংলাদেশের অর্থনীতিতে এফআরসির ভূমিকা” শীর্ষক এক সেমিনারে তিনি এই নির্দেশনা দেন। অনুষ্ঠানে “FRC and Economic Governance in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
সেমিনারে অর্থ উপদেষ্টা পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন। প্রথমত, এফআরসির কাঠামো শক্তিশালী করতে ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়। দ্বিতীয়ত, সংস্থার কার্যক্রমে গতি আনতে চারটি গুরুত্বপূর্ণ বিধিমালা দ্রুত জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তৃতীয় নির্দেশনায় বলা হয়, এফআরসির কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে অটোমেশন প্রক্রিয়ার জন্য কর্মসূচি অনুমোদন ও বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, আন্তর্জাতিক মানদণ্ড ও নীতিনির্ধারণী বিভিন্ন সংগঠন—যেমন: IFRS Foundation, International Federation of Accountants, XBRL International Inc., Asian-Oceanian Standard-Setters Group (AOSSG), International Forum of Accounting Standard Setters (IFASS) এবং Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI)-এর সদস্যপদ গ্রহণ ও নবায়ন, এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।
অর্থ উপদেষ্টা পঞ্চম নির্দেশনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম, দ্বিপক্ষীয় বৈঠক এবং সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, এফআরসি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, যা দেশের অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে প্রধান ভূমিকা রাখবে। এর কার্যক্রম শক্তিশালী হলে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা মান উন্নয়ন পাবে, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে।










