মেয়েদের বিপিএল শুরুর দাবি বহুদিনের। নানা সময়ে নারী ক্রিকেটারদের মুখে শোনা গেছে, ছেলেদের বিপিএলের আদলে একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছিল, তবে তা বহুদিন পর্যন্ত শুধুই আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ ছিল।
গত বছর মেয়েদের বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটেছে। গতকাল এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডব্লিউবিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। এটি হবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। বিসিবি নারী বিভাগের মতে, এটি দেশের নারী ক্রিকেটের পেশাদার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি।
জাতীয় দলের শীর্ষ ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও অংশগ্রহণের সুযোগ পাবেন। দলগুলোর ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতিতে বাছাই করা হবে। এছাড়া, ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড়দের দলে ভেড়ানোর সুযোগ পাবে, যা টুর্নামেন্টের আন্তর্জাতিক পরিধি বাড়াবে এবং বাংলাদেশ নারী ক্রিকেটারদের বিশ্বমঞ্চে পরিচিতি আরো বিস্তৃত করবে বলে বিসিবির বিশ্বাস।
বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। মেয়েদের বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কাউন্সিলই টুর্নামেন্টের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবে। ফ্র্যাঞ্চাইজি, ড্রাফট নীতিমালা, খেলার ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্প্রতি বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ডব্লিউবিপিএল মেয়েদের প্রস্তুতির বড় মঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।










