চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আলজেরিয়ার ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩’ সফলভাবে উৎক্ষেপণের পর, ৩১ জানুয়ারি, শনিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন একে অপরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
সি চিন পিং তার বার্তায় জানান, আলজেরিয়ার ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩’ প্রকল্পটি, আলজেরিয়ার ‘কমিউনিকেশন স্যাটেলাইট-১’-এর পর মহাকাশ খাতে চীন ও আলজেরিয়ার আরেকটি সফল সহযোগিতা। এটি দুই দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক অনেক অগ্রগতি অর্জন করেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে। সি চিন পিং প্রেসিডেন্ট তেব্বুনের সঙ্গে একযোগে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন, যা জনকল্যাণে অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন জানান, ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩’-এর সফল উৎক্ষেপণ, মহাকাশ খাতে দুই দেশের সহযোগিতার আরেকটি বাস্তব সুফল। এটি চীন ও আলজেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি মাইলফলক। তিনি চীনের সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব সম্পর্ক আরও জোরালো করার জন্য আগ্রহ প্রকাশ করেন।










