বহুদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। কার্লো আনচেলত্তিকে অবশেষে পেল ব্রাজিল। দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আজ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আনচেলত্তিকে জাতীয় দলের কোচ পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। কার্লো আনচেলত্তি, ঐতিহাসিক সব সাফল্যের সমার্থক। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে আজ তাঁর নাম ঘোষণা করেছেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন এবং আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন।’
সিবিএফের পোস্টে রয়েছে সভাপতি এদনালদো রদ্রিগেজের কথাও, ‘ব্রাজিলের নেতৃত্ব দিতে কার্লো আনচেলত্তিকে নিয়ে আসা কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটা বিশ্বের প্রতি ঘোষণা যে আমরা শীর্ষস্থান ফিরে পেতে সংকল্পবদ্ধ। তিনি ইতিহাসের সেরা কোচ, এখন গ্রহের সেরা দলের দায়িত্ব নেবেন। আমরা একসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের গৌরবময় অধ্যায়গুলো রচনা করব।’
২০২৩ সাল থেকে আনচেলত্তির পিছু ছুটছিল ব্রাজিল। ইতালিয়ান এই কোচ তখন সিবিএফের প্রস্তাবে আগ্রহ দেখাননি। এ বছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচ পদ থেকে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। তখন আবারও আলোচনায় উঠে আসেন আনচেলত্তি। সংবাদমাধ্যমগুলো জানায়, আবারও আনচেলত্তির পিছু ছুটতে শুরু করেছে ব্রাজিল। ইতিহাসে একমাত্র কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী আনচেলত্তির নাগাল শেষ পর্যন্ত পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলে সফল এই কোচ এবারই প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিলেন।
তবে সিবিএফ আনচেলত্তিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করলেও তাঁর বর্তমান দল রিয়াল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রিয়াল কোচের দায়িত্বে থাকা আনচেলত্তি মৌসুম শেষে মাদ্রিদের ক্লাবটি ছাড়বেন। ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল। ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন ৬৫ বছর বয়সী আনচেলত্তি। রিয়ালে দুই মেয়াদে ১৫টি শিরোপাজয়ী এই কোচ গত মৌসুমে ক্লাবটিকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতালেও এবার বড় কোনো শিরোপা জেতাতে পারেননি। উয়েফা সুপার কাপ ও ফিফা আন্তমহাদেশীয় কাপ জিতিয়য়েছেন।
এ মৌসুমে লা লিগায় আর তিন ম্যাচ খেলবে রিয়াল। শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে মাদ্রিদের ক্লাবটি।










