Home বিশ্ব সৌদিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন আল-শারা

সৌদিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন আল-শারা

128
0

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। সিরিয়ার প্রেসিডেন্সি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব সফরকালে ট্রাম্প বুধবার আল-শারার সঙ্গে বৈঠকে মিলিত হতে সম্মত হয়েছেন।
রিয়াদে অনুষ্ঠিতব্য ‘২০২৫ সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে’ ভাষণকালে ডোনাল্ড ট্রাম্প এক তাৎপর্যপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, সিরিয়ার ওপর থেকে ‘নিষ্ঠুর ও পঙ্গুত্বপূর্ণ’ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেবেন, যাতে যুদ্ধবিধ্বস্ত দেশটি ‘মহত্ত্বের পথে এগিয়ে যাওয়ার সুযোগ’ পায়।

মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান ট্রাম্প। এটি তার উপসাগরীয় সফরের প্রথম ধাপ, যেখানে কাতার ও সংযুক্ত আরব আমিরাতও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর এটিই ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর।
এদিকে, সিরিয়ার নতুন প্রশাসন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রেখে যাওয়া সংকটপূর্ণ পরিস্থিতি থেকে দেশকে পুনরুদ্ধারে ব্যাপক আন্তর্জাতিক ও আঞ্চলিক সমর্থনের আহ্বান জানিয়েছে। আসাদ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়ে বলেছে যে, বিদ্যমান মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা দেশটির পুনর্গঠন প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তা সিরিয়ার জন্য একটি বড় পরিবর্তন আনবে। যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এর আগে নির্দিষ্ট কিছু খাতে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তবে ২০১১ সালের পর এটিই হবে প্রথম ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

প্রসঙ্গত, আসাদ সরকারের পতনের পর জানুয়ারিতে সিরিয়ায় একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়। প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করা বাশার আল-আসাদ গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে ১৯৬৩ সালে শুরু হওয়া বাথ পার্টির কয়েক দশকের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here