দেশের ফুটবলে বড় নাম হামজা চৌধুরী। ইতোমধ্যেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তার।তবে ঘরের ম্যাচে তার অভিষেক হবে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে।
এই ম্যাচে অভিষেক হতে পারে সামিত সোম, কিউবা মিশেল, ফাহামেদুলের মত ফুটবলারদের। তাই এই ম্যাচ নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে। ভক্তরা যেন এই ম্যাচ মাঠে বসে দেখতে পারেন সেই ব্যবস্থা করছে টেলিকম কোম্পানি রবি।
রবির ‘সুপার রবিবার’ ক্যাম্পেইন এর মাধ্যমে কিছু দর্শক ভিআইপি গ্যালারিতে বসে হামজা-সামিতদের ম্যাচ দেখার সুযোগ পাবে। আজ সোমবার (১৯ মে) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত রবি আজিয়াটার কর্পোরেট অফিসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সঙ্গে চুক্তি করেছে রবি। এরপর গ্রাহকদের জন্য সুখবরটি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় রবির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী ও কামরুল হাসান হিলটন উপস্থিত ছিলেন।
আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে রবি সুপার রবিবার। ওই রবিবার জুনের দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠেয় ম্যাচের ভিআইপি টিকেট উপহার পেতে যাচ্ছেন রবি গ্রাহকরা। তবে কিভাবে কিংবা কতজনকে টিকেট উপহার দেয়া হবে সেই পথরেখাটি এখনো চূড়ান্ত হয়নি।
সংবাদ সম্মেলনে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘সুপার রবিবার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রবি গ্রাহকদের জন্য সপ্তাহের একটি দিনকে রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করতে চাই। গ্রাহকদের ইতিবাচক সাড়ায় আমরা ২৫ মে’র ‘সুপার রবিবার’কে আরও বিশেষ করে তুলতে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ রাখছি। আমার বিশ্বাস, হামজা ও সামিতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা জাতীয় দলে যোগ দেওয়ায় আমাদের ফুটবল বিশ্বমঞ্চে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবে। দেশের জন্য এমন উদ্যোগে থাকতে পারাটা আমাদের জন্য গর্বের। ’
বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, ‘রবির সঙ্গে এই অংশীদারিত্বে আমরা দারুণ উচ্ছ্বসিত। এর মাধ্যমে খেলোয়াড়রা যেমন উৎসাহিত হবেন, তেমনি দর্শকরাও পাবেন বাড়তি আনন্দ। ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পরিসরে কাজ করার আশা রাখছি। ’










