Home বিশ্ব হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ

143
0

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করেছে।

২৩ মে হার্ভার্ড বোস্টনের ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করে, যেখানে বলা হয়, সরকারের এ সিদ্ধান্ত হার্ভার্ড ও এর সাত হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর তাৎক্ষণিক ও বিপর্যয়কর প্রভাব ফেলবে।

মামলায় বিশ্ববিদ্যালয় দাবি করে, “একটি কলমের খোঁচায় সরকারের এই সিদ্ধান্ত আমাদের শিক্ষাব্যবস্থা থেকে এক-চতুর্থাংশ শিক্ষার্থী মুছে ফেলতে চায়। আন্তর্জাতিক শিক্ষার্থীরা হার্ভার্ডের শিক্ষা, গবেষণা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।”

মামলার শুনানিতে মার্কিন জেলা বিচারক অ্যালিসন বারোজ এই নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করে জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

হার্ভার্ড জানায়, এই হঠাৎ সিদ্ধান্ত ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করেছে—বিশেষ করে এমন সময়, যখন স্নাতক সমাপ্তির সময় ঘনিয়ে এসেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেকেই পড়েছেন অনিশ্চয়তায়—ট্রান্সফারের চিন্তা করছেন কেউ কেউ, আবার অনেকে আইনি বৈধতা নিয়ে উদ্বেগে।

বিশেষ করে গ্র্যাজুয়েট স্কুলগুলোতে প্রভাব পড়ত সবচেয়ে বেশি—হার্ভার্ড কেনেডি স্কুলে যেখানে অর্ধেকের বেশি এবং বিজনেস স্কুলে যেখানে প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী বিদেশি। গ্রীষ্মকালীন ও শরৎকালীন সেশনের শিক্ষার্থীরাও পড়তেন বড় ধাক্কার মুখে।

বিচারকের স্থগিতাদেশে হার্ভার্ড সাময়িক স্বস্তি পেলেও, এটি এখনো আইনি লড়াইয়ের শুরু—যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের অভিবাসন নীতি মুখোমুখি অবস্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here