বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যে জাপানি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৩০ মে), টোকিওতে জেট্রোর (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন) প্রধান কার্যালয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এমন এক সময় পার করছি, যখন আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। অতীতের ধ্বংসাবশেষ পেরিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, একসঙ্গে।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে কাজ করা শীর্ষস্থানীয় জাপানি কোম্পানিগুলোর উচ্চপদস্থ নির্বাহীরা।
প্রফেসর ইউনূস বলেন, “গত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতি নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে, প্রশাসন দুর্বল হয়ে গেছে।”
তিনি জানান, গত ১০ মাসে অন্তর্বর্তী সরকার দেশকে ধাপে ধাপে গড়ে তোলার কাজ করে যাচ্ছে এবং এই পথচলায় জাপান সরকার ও জাপানি বিনিয়োগকারীদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার ভাষ্য, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেটি পুরনো অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত কাঠামো থেকে আলাদা। আপনারা আমাদের এই অভিযাত্রার বন্ধু ও অনুপ্রেরণা হোন।”
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সবাই কঠিন সময় পার করেছি। এখন অতীতের ভয়াবহ অভিজ্ঞতাকে পেছনে ফেলে নতুন একটি ভিত্তির ওপর ভবিষ্যৎ গড়ার সময়। স্বৈরশাসনের পতনের পর দেশজুড়ে প্রাণের স্পন্দন ফিরে এসেছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “বাংলাদেশের বিদ্যমান ঘাটতি খুব শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
জেট্রো চেয়ারম্যান ও সিইও নোরিহিকো ইশিগুরো বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ অত্যন্ত সম্ভাবনাময় হয়ে উঠেছে।”
জেবিসিসিইসি চেয়ারম্যান ও মারুবেনি কর্পোরেশনের শীর্ষ নির্বাহী ফুমিয়া কোকুবু জানান, “বাংলাদেশে কার্যরত ৮৫% জাপানি কোম্পানি আশা করছে, এই বছরেই ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (EPA) স্বাক্ষর হবে।” তিনি কর নীতিতে সংস্কারের আহ্বান জানান, যাতে বিদেশি বিনিয়োগ আরও সহজ হয়।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা বলেন, “অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কোনো প্রকল্প বা ব্যবসা বন্ধ হয়নি।”
আলোচনায় আরও বক্তব্য দেন:
- সুমিতোমো কর্পোরেশনের সিইও শিনগো উএনো
- ইউগ্লেনা কোং লিমিটেডের সিইও মিতসুরু ইজুমো
- জেরার চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট স্টিভেন উইন
- জেবিআইসির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর কাজুনোরি ওগাওয়া
- ওনোডা ইনক.-এর প্রেসিডেন্ট শিগেওশি ওনোডা
- জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো
- আইডিই-জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা
গোলটেবিল বৈঠকের সমাপনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।










