২১তম জন্মদিনের দিনেই অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে বিজয়ী হয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে কনিষ্ঠ সিনেটরের মর্যাদা পেলেন শার্লট ওয়াকার। বুধবার (২৮ মে) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ABC) এই তথ্য জানায়।
অস্ট্রেলিয়ান নির্বাচন কমিশন মঙ্গলবার (২৭ মে) তাকে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করে। তিনি আগামী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
শার্লট ওয়াকার বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। ২০২২ সালে স্নাতক শেষ করার পর তিনি একটি ট্রেড ইউনিয়নে কর্মরত ছিলেন। তবে সিনেট সদস্য হিসেবে দায়িত্ব নিতে হলে ওই পদ থেকে তাকে সরে দাঁড়াতে হবে।
তার আগে সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার সিনেটর হয়েছিলেন গ্রিন পার্টির জর্ডন স্টিল-জন, যার বয়স ছিল ২৩ বছর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শার্লট ওয়াকারের বিজয় প্রমাণ করে যে রাজনীতিতে বয়স বাধা নয়। তার এই অর্জন অস্ট্রেলিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।










