দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে শিগগিরই—প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাজধানী সিউল থেকে সরিয়ে দক্ষিণের পরিকল্পিত শহর সেজং-কে নতুন প্রশাসনিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন নির্বাচনে অগ্রণী প্রার্থী লি জে-মিয়ং। খবর আল জাজিরা-র।
আগামী ৩ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে উদারপন্থী ডেমোক্র্যাটিক পার্টি থেকে লি জে-মিয়ং সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।
শুক্রবার (৩০ মে) এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমি সেজংকে কার্যকর প্রশাসনিক রাজধানী হিসেবে গড়ে তুলব এবং ডেজিওনকে করব বৈশ্বিক বিজ্ঞান রাজধানী।” তিনি আরও জানান, প্রেসিডেন্ট কার্যালয় ও জাতীয় সংসদ ভবনসহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ ধাপে ধাপে সেজংয়ে স্থানান্তরের লক্ষ্যে কাজ করবেন।
সেজং বর্তমানে সিউল থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি পরিকল্পিত শহর। ২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রো মু-হিউন প্রথম রাজধানী স্থানান্তরের প্রস্তাব দেন, যদিও এক বছর পর দেশটির সাংবিধানিক আদালত রায় দেন যে, সিউলই থাকবে দেশের সাংবিধানিক রাজধানী।
বর্তমানে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস সিউল মহানগরীতে। এটি কেবল সরকারি ক্ষমতার কেন্দ্র নয়, বরং দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও প্রযুক্তির প্রধান ঘাঁটি।
লি জে-মিয়ং-এর এই ঘোষণা দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক বিকেন্দ্রীকরণ ও রাজধানী সিউলের উপর চাপ কমানোর দীর্ঘমেয়াদি আলোচনা ও পরিকল্পনাকে নতুন মাত্রা দিতে পারে।











