ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি নির্বাচনের মাধ্যমে গঠিত আগামীর কোনো সরকারে দায়িত্ব পালনের আগ্রহী নন। যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং দীর্ঘ ১৭ বছর পর একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে।
প্রতিষ্ঠান সংস্কার প্রসঙ্গে ড. ইউনূস জানান, প্রতিটি খাতে একটি করে কমিশন গঠন করা হয়েছে এবং সেগুলোর সুপারিশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সকল দলের ঐকমত্য গড়ে তোলাই মূল লক্ষ্য।
আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, “জুলাই সনদ” প্রকাশের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং সেটিই জাতির সামনে উপস্থাপন করা হবে।
বক্তব্যের শুরুতে ড. ইউনূস বলেন, আমরা একটি আত্মবিধ্বংসী সভ্যতার মধ্যে রয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে নতুন সভ্যতা গড়ে তোলা জরুরি, যার ভিত্তি হবে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, বেকারত্ব দূর করা এবং ক্ষুধামুক্ত বিশ্ব গঠন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংলাপে তিনি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আসন্ন নির্বাচন এবং গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।










