Home এশিয়া পেসিফিক মিথানল বিষক্রিয়া ঠেকাতে অস্ট্রেলীয় বিজ্ঞানীদের উদ্ভাবন, শ্বাস থেকে শনাক্ত করবে বিষাক্ত অ্যালকোহল

মিথানল বিষক্রিয়া ঠেকাতে অস্ট্রেলীয় বিজ্ঞানীদের উদ্ভাবন, শ্বাস থেকে শনাক্ত করবে বিষাক্ত অ্যালকোহল

147
0

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন একটি মিথানল শনাক্তকারী শ্বাসপরীক্ষক (ব্রেথালাইজার) তৈরি করেছেন, যা প্রতি বছর হাজারো মিথানল বিষক্রিয়া প্রতিরোধে সহায়ক হতে পারে। এই পরীক্ষামূলক ডিভাইসটি অ্যালকোহলজাত পানীয় বা ব্যক্তির শ্বাস থেকে অল্প মাত্রার বিষাক্ত মিথানল শনাক্ত করতে সক্ষম। বর্তমানে যেসব প্রযুক্তি দিয়ে মিথানল শনাক্ত করা হয়, সেগুলো মিথানল বিষক্রিয়ার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সহজলভ্য নয়।

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের তথ্য অনুসারে, মিথানল বিষক্রিয়া একটি মারাত্মক সমস্যা, যা প্রতিবছর হাজার হাজার মানুষকে আক্রান্ত করে এবং এর মৃত্যুহার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছায়।

মিথানল একটি শিল্পপ্রয়োগে ব্যবহৃত অ্যালকোহল, যার চেহারা ও গন্ধ সাধারণ বিয়ার, ওয়াইন বা স্পিরিটের মতো হলেও, অবৈধভাবে তৈরি মদে মিথানল মিশে গেলে তা প্রাণঘাতী হতে পারে।

অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি তারবিহীন মিথানল সেন্সর তৈরি করেছেন, যার আকার মাত্র এক বর্গসেন্টিমিটার। এটি সহজেই পানীয়র বাষ্প বা মানুষের শ্বাস থেকে বিষক্রিয়ামূলক মাত্রার নিচে থাকা মিথানলও শনাক্ত করতে পারে।

এই গবেষণার ফলাফল ‘সেন্সরস’ নামের আমেরিকান কেমিক্যাল সোসাইটি প্রকাশিত জার্নালে প্রকাশিত হয়েছে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে গ্রাফিন নামক এক ধরনের উচ্চ সংবেদনশীল ও পরিবাহী পদার্থ।

বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক দুসান লোসিক জানান, তাদের তৈরি সেন্সর খুব অল্প মাত্রার মিথানল নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে এতে ব্যবহৃত উপকরণ সাশ্রয়ী এবং সহজলভ্য হওয়ায় এর বাণিজ্যিক উৎপাদন সম্ভব।

গবেষকরা বলেন, দ্রুত মিথানল শনাক্ত করতে সক্ষম, সাশ্রয়ী এবং সহজে বহনযোগ্য একটি ডিভাইসের বড় চাহিদা রয়েছে—যা স্বাস্থ্যসেবা প্রদানকারী ও সাধারণ মানুষ উভয়ের জন্যই কার্যকর হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here