Home বিশ্ব আরব আমিরাতে মে মাসে ২০ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫১.৬ ডিগ্রি! বাড়ছে...

আরব আমিরাতে মে মাসে ২০ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫১.৬ ডিগ্রি! বাড়ছে জলবায়ু শঙ্কা

149
0

সংযুক্ত আরব আমিরাতে এবারের মে মাসে তাপমাত্রা ২০ বছরের রেকর্ড ভেঙেছে। ২৪ মে আবুধাবির আল আইন অঞ্চলের স্বেইহানে তাপমাত্রা পৌঁছায় ৫১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা গত দুই দশকে মে মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৩ সাল থেকে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর মে মাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। পূর্ববর্তী রেকর্ডটি ছিল ২০০৯ সালের, যখন আল শাওয়ামেখ এলাকায় তাপমাত্রা উঠেছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াসে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানায়, ২০২৪ সালের মে মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৩ থেকে ২০২৪ সালের গড় তাপমাত্রা ৩৯.২ ডিগ্রির চেয়ে অনেক বেশি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবহাওয়ার এই পার্থক্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ দিক থেকে আসা নিম্নচাপ বলয়সহ নানা বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে এই অস্বাভাবিক গরম সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাপমাত্রা নিয়মিতভাবেই ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বা তা অতিক্রমও করতে পারে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, ২১ জুন গ্রীষ্ম শুরু হলে প্রতিদিনের তাপমাত্রা ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, বছরের বাকি সময়েও তাপমাত্রা আরও বাড়তে পারে, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here