Home বিশ্ব ৫.৬ বিলিয়ন ডলার পাচার: কাতারের সাবেক অর্থমন্ত্রী আল ইমাদির ২০ বছরের কারাদণ্ড

৫.৬ বিলিয়ন ডলার পাচার: কাতারের সাবেক অর্থমন্ত্রী আল ইমাদির ২০ বছরের কারাদণ্ড

134
0

কাতারের সাবেক অর্থমন্ত্রী আলি শেরিফ আল ইমাদিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। রায় অনুযায়ী, তিনি ৫.৬ বিলিয়ন ডলারের বেশি অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

আদালতের রায়ের নথিতে বলা হয়েছে, ইমাদিকে ৬১ বিলিয়নেরও বেশি কাতারি রিয়াল জরিমানা করা হয়েছে—যার মধ্যে ৪০.৯ বিলিয়ন রিয়াল অর্থপাচারের পরিমাণের দ্বিগুণ হিসেবে এবং বাকি ২১ বিলিয়ন রিয়াল অতিরিক্ত জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে।

ইমাদির সঙ্গে আরও ১৪ জন একসঙ্গে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হন। ইমাদি চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আদালত চলতি বছরের ১০ জানুয়ারি এই রায় ঘোষণা করে। তবে তিনি আদালতে কী বক্তব্য দিয়েছেন, তা এখনো জানা যায়নি।

রয়টার্সের পক্ষ থেকে ইমাদির আইনজীবীদের মন্তব্য চাওয়া হলেও তারা কোনো সাড়া দেননি। গ্রেপ্তার হওয়ার পর থেকে ইমাদি নিজেও কোনো ধরনের প্রকাশ্য মন্তব্য করেননি।

আদালতের নথি অনুযায়ী, ইমাদিকে ঘুষ গ্রহণ, পদ ও ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদের ক্ষতি সাধন এবং অর্থপাচারসহ একাধিক দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এসব দুর্নীতির নির্দিষ্ট বিবরণ রায়ে প্রকাশ করা হয়নি।

২০২১ সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপরই তিনি অর্থমন্ত্রীর পদ হারান।

এ প্রসঙ্গে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি জানিয়েছেন, ইমাদির বিরুদ্ধে এই তদন্ত শুধুমাত্র তার অর্থমন্ত্রী থাকাকালীন সময়ের কার্যক্রম ঘিরে পরিচালিত হয়েছে। তার অন্যান্য বেসরকারি ব্যবসায়িক পদগুলোর সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here