বিশ্বজুড়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ ভাইরাস, বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুও ঘটছে কিছু ক্ষেত্রে। এই প্রেক্ষাপটে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছে, তাদের তারকা ফুটবলার নেইমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এমনিতেই পেশাদার ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন নেইমার। কিছুদিন আগে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে হাত দিয়ে গোলের চেষ্টা করায় তিনি লাল কার্ড পান এবং মাঠ ছাড়তে হয়। সান্তোসের হয়ে তিনি এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছেন। ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত মাঠে নামা সম্ভব হয়নি তার পক্ষে।
ইনজুরির ধাক্কা, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং লাল কার্ড—সব মিলিয়ে নেইমারের সাম্প্রতিক পরিস্থিতি বেশ জটিল। এর মধ্যেই এবার করোনা সংক্রমণ যেন আরেকটি বড় ধাক্কা হয়ে এলো তার জন্য।
সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ জুন (বৃহস্পতিবার) ভাইরাল উপসর্গ দেখা দিলে মেডিকেল টিমের পরামর্শে করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই নেইমার আইসোলেশনে আছেন এবং বাড়িতে বিশ্রামে রয়েছেন চিকিৎসকের নির্দেশনায়।
এর আগে ২০২১ সালের মে মাসেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন নেইমার, তখন তিনি খেলছিলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলে। চার মাস বিশ্রামের পর সেবার মাঠে ফিরেছিলেন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।










