জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থামাতে বলেছিলেন।
বাংলাদেশ সময় ভোর ৫টা ১২ মিনিটে এক এক্স বার্তায় গুতেরেস এই আবেদন জানান।
গুতেরেস বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমাবর্ষণ, তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা—এটা যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে। শান্তি ও কূটনীতির জয় হওয়া উচিত।”
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিছু ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে, যার ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
এর আগে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চালায়, তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, নিরাপদ জায়গা ত্যাগ করা কেবলমাত্র স্পষ্ট নির্দেশনা পাওয়ার পরেই সম্ভব হবে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা দক্ষিণের এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করেছে।
শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, পরে ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বর্তমানে দুই পক্ষই একে অপরের উপর হামলা চালাচ্ছে।










