উত্তর ইসরায়েলের হাইফা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষ। রোববার সকালের দিকে এই হামলা হয়।
এর আগে গত ১৫ জুনেও হাইফা শহরে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশে বিকট শব্দ শোনার পর মাটিতে কাঁপন অনুভূত হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী আকাশে থাকা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ‘প্রয়োজন অনুযায়ী প্রতিহত’ করতে কাজ করছে।
এক্স-এ পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্চয়তা দিতে পারে না, তাই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা আবশ্যক।
ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে বিশ্লেষকরা নতুন মাত্রার হুমকি হিসেবে দেখছেন। হামলার পর হাইফা ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে বাঙ্কারে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিক্রিয়া ও প্রতিরক্ষা ব্যবস্থা চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।










