Home বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

367
0

আজ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা দুলা মিঞা সওদাগর এবং মা সুফিয়া খাতুন। স্ত্রী অধ্যাপক দিনা আফরোজের সঙ্গে তাঁর দুটি কন্যা সন্তান রয়েছে।

ছাত্রজীবন থেকেই মেধাবী ড. ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশনে ১৬তম স্থান অর্জন করেন। এরপর চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেসময় তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় তিনি আমেরিকায় প্রবাসীদের নিয়ে গঠন করেন ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ এবং সমর্থন সংগ্রহ করেন আন্তর্জাতিক মহলে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর দেশে ফিরে ড. ইউনূস দারিদ্র্য বিমোচনে কাজ শুরু করেন। ১৯৭৬ সালে পরীক্ষামূলকভাবে জোবরা গ্রামে চালু করেন গ্রামীণ ব্যাংক প্রকল্প, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপ নেয়। এই মডেল বর্তমানে ৪০টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে।

২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন—যা তাঁকে বাংলাদেশের প্রথম নোবেলজয়ী হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠা দেয়। এছাড়া তিনি পেয়েছেন বিশ্ব খাদ্য পুরস্কার, প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (যুক্তরাষ্ট্র), কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ বহু আন্তর্জাতিক সম্মাননা।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

তাঁর জন্মদিন উপলক্ষে আজ দেশের বিভিন্ন মহল থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হচ্ছে। প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “শুভ জন্মদিন, স্যার। আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here