আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। ইতোমধ্যেই জানা গিয়েছিল যে, এবারের উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’।
এবার উৎসবে নতুন করে যোগ হয়েছে বাংলাদেশের আরেক সিনেমা ‘মাস্তুল’। সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ‘মাস্তুল’ কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বরং বিশেষ বিভাগে স্থান পেয়েছে।
কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজ্ঞপ্তি অনুযায়ী, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যেখানে মানবতাবাদ এবং সহমর্মিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিভাগেই প্রদর্শিত হবে ‘মাস্তুল’।
‘মাস্তুল’ সিনেমাটি জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত, এবং এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যাসহ আরও অনেকে।
এছাড়া, ‘মাস্তুল’ কাজান উৎসবের পাশাপাশি স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মনোনয়ন পেয়েছে, যা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।











