মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত একাধিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। সোমবার এই আদেশে তিনি স্বাক্ষর করেন।
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ গ্রহণ করল।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের আদেশ অনুসারে সিরিয়ার উন্নয়ন, সরকার পরিচালনা এবং পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়োজিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পূর্বেই যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা দেশটির অর্থনীতি ও পুনর্গঠন প্রচেষ্টাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।
মধ্যপ্রাচ্যে মে মাসে সফরের সময় ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সিরিয়াকে সমর্থন করে, যা শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ এবং নিজ দেশের জনগণ এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করবে।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ সিরিয়া হবে এমন, যেখানে সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এবং যেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করা হবে, যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির মূল ভিত্তি হবে।
তবে, মার্কিন প্রশাসন জানিয়েছে, বাশার আল-আসাদ এবং তার সহযোগীরা, আইএসআইএস, ইরান এবং ইরানের মিত্রদের বিরুদ্ধে সিরিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তারা ইতোমধ্যে সিরিয়ার ৫১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, তবে কিছু নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে।










