Home বাংলাদেশ ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

135
0

রাজধানীর গ্রিন রোড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম রিনা ত্রিপুরা, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত রিনার ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল ত্রিপুরা জানান, রিনা ত্রিপুরা মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। গত বছর এই কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, কিন্তু আইসিটি বিষয়ে ফেল করেন। ৭ জুলাই তিনি শুধু আইসিটি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। সেই কারণে তিনি তার গ্রামের বাড়ি থেকে বাসে কলাবাগান এলাকা এসে পৌঁছান এবং এরপর রিকশায় করে গ্রিন রোডে কলেজের ছাত্রাবাসে ফিরছিলেন।

এ সময়, ছাত্রাবাসের সামনে একটি ছিনতাইকারী তার রিকশা থামিয়ে তাকে ছুরিকাঘাত করে এবং তার সাথে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়। আহত রিনা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

রিনা ত্রিপুরা বান্দরবান থানচি উপজেলার বিদ্যামনি পাড়া গ্রামের অন্দ্রমনি ত্রিপুরার মেয়ে।

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, বিষয়টি জানার পর তদন্ত শুরু হয়েছে এবং আহত শিক্ষার্থীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একইভাবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে এবং ঘটনার স্থান চিহ্নিত করার জন্য প্রচেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিষয়টি কোন থানার আওতায় তা নির্ধারণ করতে কাজ করছেন এবং শিক্ষার্থীর অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here