Home এশিয়া পেসিফিক ‘হেইল হিটলার’ গানের পর কানিয়ে ওয়েস্টকে অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ

‘হেইল হিটলার’ গানের পর কানিয়ে ওয়েস্টকে অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ

400
0

মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে গান গেয়ে তিনি চরম বিপাকের মুখে পড়েছেন। গানের শিরোনাম ‘হেইল হিটলার’ হওয়ায় এটি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

এ বিতর্কের পর অস্ট্রেলিয়া সরকার কানিয়ে ওয়েস্টের ভিসা বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, “গানটি প্রকাশের পর আমাদের কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করেছে। ঘৃণা আমদানি করার কোনো প্রয়োজন নেই, তাই কানিয়ে ওয়েস্ট আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।”

কানিয়ে ওয়েস্টের স্ত্রী, অস্ট্রেলীয় ডিজাইনার বিয়াঙ্কা সেন্সরি এখনও এ নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলেননি। তবে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, “বিয়াঙ্কা কি একাই দেশে ফিরে যাবেন?” যদিও তারা ফেব্রুয়ারিতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছিলেন।

গানটির নামকরণেই সমস্যা সৃষ্টি হয়। মে মাসে মুক্তি পাওয়া ‘হেইল হিটলার’ গানটির নাম এবং বিষয়বস্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিতর্কিত। গানটি এবং ভিডিওতে হিটলারের বন্দনা ছাড়াও পশুর চামড়া পরা মানুষের দৃশ্য দেখানো হয়, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। গানটি স্পটিফাই, ইউটিউব ও অ্যাপল মিউজিক থেকে নিষিদ্ধ হলেও একদিনেই এর ভিউ লাখ ছাড়িয়ে যায়।

কিছুদিন পর, গানটি নিয়ে তীব্র সমালোচনার মুখে কানিয়ে ওয়েস্ট বলেন, “আমি আর ইহুদিবিদ্বেষী অবস্থানে নেই।” এরপর তিনি গানটির নতুন সংস্করণ প্রকাশ করেন, ‘হ্যালেলুইয়া’, যেখানে নাৎসি প্রসঙ্গ বাদ দিয়ে ধর্মীয় বার্তা তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী ২০২৩ সালে কানিয়ে ওয়েস্টের হিটলার ও হলোকাস্ট নিয়ে মন্তব্যের কঠোর সমালোচনা করেছিলেন এবং তখন তার প্রবেশ নিষিদ্ধ করার দাবি উঠেছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বলেন, “আমাদের দেশে ইতিমধ্যেই যথেষ্ট সমস্যা রয়েছে, সেখানে ইচ্ছাকৃতভাবে ঘৃণা আমদানি করাটা গ্রহণযোগ্য নয়।”

কানিয়ে ওয়েস্টের বিতর্কিত ইতিহাস নতুন কিছু নয়। ২০২২ সালে ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাস তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, যদিও পরবর্তীতে আইনি বিরোধ মিটে যায়। তবে, কানিয়ে ওয়েস্টের নাম মানে বিতর্ক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here