বিখ্যাত অভিনেত্রী জয়া আহসান তার জীবনে সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সম্প্রতি, কলকাতায় ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণার সময় তিনি নিজেই এই ইচ্ছার কথা জানান।
বর্তমানে কলকাতায় ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে ব্যস্ত জয়া আহসান বলেন, তিনি বাস্তবে মা হতে চান, তবে সন্তানধারণের মাধ্যমে নয়, বরং দত্তক নিয়ে। তিনি জানান, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী এবং ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি। আমার ইচ্ছা ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশু দত্তক নেওয়া।”
জয়া এবং তার বোন একসাথে এই পরিকল্পনা করেছিলেন, তবে কিছু জটিলতার কারণে এটি এখনো বাস্তবায়িত হয়নি। জয়া জানান, “যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশুকে দত্তক নিতে অনেক জটিল পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়।”
এছাড়া, তিনি দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যাদের একটি সন্তান রয়েছে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে একটি শিশু দত্তক নিয়ে তার পরিবারে একটি নতুন সদস্য যোগ করতে পারেন।
‘ডিয়ার মা’ সিনেমার প্রকাশিত ঝলকে জয়ার দত্তক সন্তানের সঙ্গে তার রসায়ন তুলে ধরা হয়েছে। জয়া জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নেওয়ার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে, যা সিনেমার চরিত্রের সঙ্গে মেলানোর ক্ষেত্রে তাকে সাহায্য করেছে।
এছাড়া, ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ অন্যান্য অভিনেতারাও অভিনয় করেছেন।










