রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় দেশবাসীর মতোই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বিমান দুর্ঘটনার পর তিনি মারাত্মক প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাতেই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই।
স্ট্যাটাসে পরীমণি লেখেন, “আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ!”
পরীমণি জানান, তার আগুনভীতি দীর্ঘদিনের, আর এই মর্মান্তিক ঘটনার ভয়াবহ চিত্র তাকে তীব্র মানসিক ধাক্কা দেয়। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত চিকিৎসা নিতে হয়।
এ খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। বর্তমানে দুই সন্তানের মা পরীমণির প্রতি মায়ার সুরেই উদ্বেগ প্রকাশ করেন তার অনুরাগীরা।
মাইলস্টোন ট্র্যাজেডির মতো হৃদয়বিদারক ঘটনায় যে শুধু সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বরং সারাদেশের সাধারণ মানুষ, এমনকি সমাজের তারকা ব্যক্তিরাও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন—এটি তারই একটি গভীর প্রমাণ।










