Home বাংলাদেশ মাইলস্টোন ট্র্যাজেডির জেরে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা

মাইলস্টোন ট্র্যাজেডির জেরে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা

405
0

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানি ও ১৬৫ জনের আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে যে তীব্র শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, তারই প্রেক্ষাপটে অবশেষে পদ হারালেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সিদ্দিক জোবায়ের।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সচিব প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠন হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমন্বয় করে এই তদন্ত কমিটি কাজ করবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।”

বিমান দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল এইচএসসি পরীক্ষা স্থগিত করা। শোকাবহ পরিস্থিতিতে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল পরীক্ষা স্থগিতের আহ্বান জানালেও শিক্ষা মন্ত্রণালয় তা প্রথমে অগ্রাহ্য করে। সোমবার (২১ জুলাই) রাত পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দানা বাঁধে। শেষ পর্যন্ত রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিলম্বিত সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে এবং পরে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে, শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক হিসেবে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম পদক্ষেপ হিসেবে শিক্ষা সচিবের অপসারণের ঘটনা সরকারের জবাবদিহিতা এবং চাপের মুখে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মাইলস্টোন ট্র্যাজেডির অভিঘাতে দেশের শিক্ষা প্রশাসনে যে প্রবল নাড়া লেগেছে, শিক্ষা সচিবের প্রত্যাহার তার একটি তাৎপর্যপূর্ণ ফলাফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, তদন্ত কমিটি কীভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here