রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সহানুভূতি প্রকাশ করেন।
মঙ্গলবার (২২ জুলাই) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। শোকবার্তায় ইওয়ায়া তাকেশি বলেন, “বিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণ হারানোর খবরে আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
প্রসঙ্গত, সোমবার সকালে ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।










